দুর্নীতিমুক্ত বিটিসিএল গড়ে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা দিতে উপদেষ্টার নির্দেশ
রাষ্ট্রায়ত্ব টেলিসেবাদাতা প্রতিষ্ঠান বিটিসিএল এর প্রকল্পগুলোতে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি বন্ধ এবং এসব নিয়ে বিদ্যমান মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দিয়েছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। একইসঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো শিক্ষা প্রতিষ্ঠানেও সাশ্রয়ী মূল্যে বিটিসিএল এর সেবা নিশ্চিত করা ও ব্যাপক প্রচারণার মাধ্যমে আলাপ এবং জিপন কে জনপ্রিয় করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে ঢাকায় বিটিসিএল এর কেন্দ্রীয় কার্যালয়ে বিটিসিএল কর্মকর্তাদের সাথে প্রথমাবের মতো মতবিনিময় সভায় এসব নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা। এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার হোসেনসহ ডিজেএম, সিজিএমসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেছেন, বিটিসিএল এর প্রকল্পগুলোতে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তা বন্ধ করা সহ বিটিসিএল এর বিরুদ্ধে যে মামলা আছে সেগুলো নিষ্পত্তি করতে হবে। প্রকল্প বাস্তবায়নের সময় যেনো কোনো দুর্নীতি না হয় এবং ক্রয় প্রক্রিয়ায় যেন স্বচ্ছতা থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়াও বিটিসিএল এর কর্মকর্তাদের বিরুদ্ধে যে অডিট আপত্তি রয়েছে এক্ষেত্রে দায়ীদের কাছ থেকে অডিট আপত্তির অর্থ আদায় করে আপত্তি নিষ্পত্তি করা প্রয়োজন।
উপদেষ্টা বলেন, সরকারের উদ্যোগ আছে কিন্তু সেটা জনগণের কাছে কেন পৌঁছায় না তার কারণ খুঁজে বের করতে হবে। আমাদের সীমাবদ্ধ থাকতে পারে, তার মধ্যে থেকেই জনগণকে দুর্নীতিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, হোয়াটসঅ্যাপের মতো বিটিসিএল এর অত্যন্ত লাভজনক একটি অ্যাপ্লিকেশন 'আলাপ' উদ্বোধন করা হয়েছিল এতে বিটিসিএল ব্যাপকভাবে লাভবান হতো। কিন্তু হয়নি । একইভাবে জনপ্রিয় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন 'জিপন'। তাই ব্যাপক প্রচারণার মাধ্যমে আলাপ এবং জিপন কে জনপ্রিয় করা প্রয়োজন।
এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল বর্তমান সরকার। আমারা নতুন আঙ্গিকে, নতুন প্রচেষ্টায় দেশকে গড়ে তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবো। রাষ্ট্রের কাজ হল জনগণকে সেবা দেয়া। বর্তমান সরকার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তা বাস্তবায়ন করতে হলে জনগণের মাঝে সমতার ভিত্তিতে সেবা প্রদান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন সচিব।
তিনি বলেন, সেবা দানের ক্ষেত্রে অপ্রয়োজনীয় কিছু প্রশাসনিক কাঠামো রয়েছে সেগুলো সংস্কার করা হবে এবং সেবা দানের পদ্ধতিকে সহজ করতে হবে যাতে মানুষ সহজেই সেবাগুলো পায়।







